

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে চাঁপাইনবাবগঞ্জের বাজারে দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত দুদিনের ব্যবধানে প্রতি কেজিতে সর্বোচ্চ ১৩ টাকা পর্যন্ত কমেছে দাম। ব্যবসায়ীদের মতে, পেঁয়াজের সরবরাহ ঠিক থাকলে দাম আরও কমতে পারে।
বাজার ঘুরে দেখা গেছে, পাইকারিতে কেজিতে ১৩ টাকা দাম কমে বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকা। আর খুচরা বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৭০ টাকা। তহাবাজারের পাইকারি বিক্রেতা ও একতা শষ্য ভান্ডার ম্যানেজার আব্দুল আলীম জানান, দুদিন আগেও যে পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা। আজ খুচরা বিক্রি হয়েছে ৬২ থেকে ৮৫ টাকা। পেঁয়াজ আমদানির খবরে এই দাম কমেছে বলে তিনি জানান।
আরিফুল ইসলাম নামে এক ভোক্তা জানান, সপ্তাহখানেক ধরে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে ৭৫-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। কিন্তু ভারতের পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারে কেজিতে ১৫ টাকা কমে এসেছে। তাই সরকার বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির দিকে নজর দেয়ায় একজন ভোক্তা হিসেবে খুব খুশি।
এদিকে, পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে আইপি বা ইমপোর্ট পারমিট নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হকসহ ব্যবসায়ীরা।
তিনি আরো জানান, সীমিত আইপি বরাদ্দ অব্যাহত থাকলে বাজারে সরবরাহ ব্যাহত হবে, ভোক্তারা ক্ষতিগ্রস্থ হবেন। তাই ভারত থেকে দেশে পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক রাখতে বর্তমান আইপি নীতি পুনর্বিবেচনা করে উন্মুক্তভাবে আইপি দেয়া হলে আমদানিকারকরা সুবিধা পাবেন। তাদের সময় ও খরচ সাশ্রয় হবে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে।
অন্যদিকে, পেঁয়াজের আমদানি ও দাম কমার খবরে স্বস্তি ফিরতে শুরু করেছে ভোক্তাদের মাঝেও।
সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিডেটের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, সোমবার ভারত থেকে ৬১টি ট্রাকে ১৭’শ ৪০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। আর বৃহস্পতিবার ও রবিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮৭৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
এর আগে, ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গত মঙ্গলবার (১২ আগস্ট) পেঁয়াজ আমদানির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই পেঁয়াজ আমদানি করা হবে। আমদানি উন্মুক্ত করে দেয়া হবে। যে দেশে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে।

