ঢাকা
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৪
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬
আপডেট: এপ্রিল ১৫, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬

২০ লিটার দুধে গোসল করে জুয়া ছাড়ার শপথ যুবকের

ফারহান ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: অনলাইনসহ নানা ধরনের জুয়ার নেশায় জীবনের সব সঞ্চয় হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাহিদুল ইসলাম নামের এক যুবক। হারিয়েছেন পারিবারিক সুখ, সামাজিক মর্যাদা ও আর্থিক স্বচ্ছলতা। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে প্রকাশ্য দিবালোকে ২০ লিটার দুধে গোসল করে চিরতরে জুয়া ছাড়ার শপথ নিয়েছেন তিনি।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার মহীপুর সরকারি কলেজের সামনে ব্যতিক্রমী এ ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন জাহিদুল। শুরুতে বিনোদনের ছলে শুরু হলেও ধীরে ধীরে তা ভয়াবহ আসক্তিতে রূপ নেয়। একপর্যায়ে জুয়ার নেশায় তিনি জীবনের সব সঞ্চয় হারিয়ে প্রায় সর্বস্বান্ত হয়ে পড়েন। এতে পারিবারিক অশান্তি, আর্থিক সংকট ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়। নিজের ভুলের ভয়াবহতা উপলব্ধি করে অবশেষে জুয়ার পথ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। অতীতের ভুল থেকে নিজেকে পরিশুদ্ধ করার প্রতীকী বার্তা দিতেই তিনি প্রকাশ্যে ২০ লিটার দুধে গোসলের মতো অভিনব পন্থা বেছে নেন।

দুধে গোসল শেষে উপস্থিত জনতার সামনে আবেগঘন কণ্ঠে জাহিদুল ইসলাম বলেন, জুয়া আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আজ থেকে আমি নতুনভাবে শুরু করতে চাই। সৎ পথে চলতে চাই। জীবনে আর কখনো কোনো ধরনের জুয়ার সঙ্গে নিজেকে জড়াবো না।

এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয়দের অনেকেই তার এ উদ্যোগকে সাহসী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, জুয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে সমাজে সচেতনতা তৈরিতে এটি একটি ব্যতিক্রমী বার্তা হয়ে থাকবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram