

হিলি প্রতিনিধি: প্রায় ৬ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ রোববার বেলা পৌনে চারটার দিকে ভারত থেকে ৩০ মেট্রিকটন পেঁয়াজ বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই বন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হলো।
আজ রোববার কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়ি থেকে আইপি পাওয়ার পর হিলির জগদীশ পোদ্দার নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠন এসব পেঁয়াজ আমদানি করে।
হিলি উদ্ভিদ সংগনিরোধ অফিস সূত্রে জানা গেছে, বেলা ২টা পর্যন্ত বন্দরের ৫ জন আমদানিকারক প্রত্যেকে ৩০ মেট্রিক টন করে মোট ১৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির আইপি পেয়েছে। এখন থেকে এই বন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
দেশের ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে দেশে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। এরপর থেকে দেশে পেঁয়াজ আমদানিতে প্রস্তুতি নিতে শুরু করে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা।

