ঢাকা
প্রকাশিত : November 15, 2026
আপডেট: November 15, 2026
প্রকাশিত : November 15, 2026

রোনালদোর বিদায়ের পর বিধ্বস্ত পর্তুগাল, হালান্ডের গোলে বড় জয় নরওয়ের

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল পর্তুগাল। শনিবার (১৪ নভেম্বর) উয়েফা নেশনস লিগে ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে দলটি। ডেনমার্কের হয়ে জোড়া গোল করেছেন রাসমুস হইলুন্দ। পর্তুগালের কিংবদন্তি অধিনায়ক রোনালদোকে বিদায় জানাতে ব্রাগায় আয়োজিত নানা স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন শেষ পর্যন্ত পরিণত হয় হতাশায়।

এদিকে, একই গ্রুপের অন্য ম্যাচে অসলোতে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়েছে নরওয়ে। দলের হয়ে গোল করেছেন আন্তোনিও নুসা ও আন্দ্রেয়াস শেলদেরুপ। যোগ করা সময়ের আগে পেনাল্টি থেকে গোল করে নরওয়ের জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড।

এই হারের পরও ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ডেনমার্ক। নরওয়ের পয়েন্ট ৬, আর ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে ওয়েলস। লিগ পর্বে বাকি আর এক রাউন্ডের খেলা। মঙ্গলবার ওয়েলসের মাঠে খেলবে পর্তুগাল। একই দিনে নরওয়েকে আতিথ্য দেবে ডেনমার্ক।

ব্রাগার পরিপূর্ণ গ্যালারিতে রোনালদোর প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের আগে বিশেষ আয়োজন করা হয়। জাতীয় সংগীতের সময় পর্তুগালের খেলোয়াড়দের গায়ে ছিল রোনালদোর নাম ও সাত নম্বর জার্সি লেখা বিশেষ পোশাক। গ্যালারিতে সমর্থকেরা মেলে ধরেন ‘ওব্রিগাদো, ক্যাপিতাও’—অর্থাৎ ‘ধন্যবাদ, অধিনায়ক’ লেখা ব্যানার। সেখানে রোনালদোর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও নেশনস লিগের ট্রফি হাতে তোলার ছবিও ছিল।

এর আগে, ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী রোনালদো। কোচ হোর্হে জেসুসের সঙ্গে প্রকাশ্যে মতবিরোধের পর এ সিদ্ধান্ত জানান তিনি।

শনিবারের ম্যাচের প্রথমার্ধে ছিল প্রবল বৃষ্টি। তবে এর মধ্যেও বেশির ভাগ সময় বলের নিয়ন্ত্রণ রেখেছিল পর্তুগাল। তবে বিরতির ঠিক আগে এগিয়ে যায় ডেনমার্ক। এর আগে জোয়াকিম অ্যান্ডারসেনের ফাউলের কারণে হইলুন্দের একটি হেড থেকে করা গোল বাতিল হয়। পরে তার আরেকটি হেড রুবেন দিয়াসের হাতে লাগে। ভিএআর ও মাঠের পাশে মনিটরে রিপ্লে দেখার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। বিরতির কিছুক্ষণ আগে স্পটকিক থেকে ডেনমার্ককে এগিয়ে দেন অধিনায়ক পিয়েরে-এমিল হইবিয়ার্গ।

দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন হইলুন্দ। ডান দিক থেকে আসা ক্রসে রক্ষণভাগের আড়াল থেকে বেরিয়ে জোরালো ভলিতে বল জালে পাঠান এই স্ট্রাইকার।

এর সাত মিনিট পর আবারও গোল করেন তিনি। পাল্টা আক্রমণে রেনাতো ভেইগাকে কাটিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তাকে পরাস্ত করেন হইলুন্দ।

ম্যাচের ৭৫ মিনিটে ডেনমার্কের হয়ে চতুর্থ গোলটি করেন অ্যান্ডারসেন। ডান দিক থেকে মাথিয়াস ইয়েনসেনের নেওয়া ফ্রি-কিক থেকে বক্সের ভেতরে উঁচুতে উঠে দুর্দান্ত হেডে বল জালে পাঠান তিনি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে একটি গোল শোধ করে পর্তুগাল। গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল কাছ থেকে জালে পাঠান বার্নার্দো সিলভা।

ম্যাচ শেষে পর্তুগালের মিডফিল্ডার জোয়াও পালহিনহা দেশটির সম্প্রচারমাধ্যম স্পোর্ট টিভিকে বলেন, ‘কার্যত আমাদের সবকিছুই ভুল হয়েছে। এর ব্যাখ্যা খুঁজে পাওয়াও কঠিন।’ তিনি আরও বলেন, ‘আমাদের জন্য রাতটি দুর্ভাগ্যজনক ছিল। প্রতিপক্ষের জন্য ম্যাচটি আমরা অনেক সহজ করে দিয়েছি। মঙ্গলবার আমাদের আরেকটি ম্যাচ আছে। এর মধ্যে আজ কী ঘটেছে, তা নিয়ে ভাবার সময় পাব। তবে আমার কোনো সন্দেহ নেই, আমরা ঘুরে দাঁড়াব এবং ওয়েলসে গিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করব।’

নিজেদের ঘরের মাঠ অসলোতে উলেভাল স্টেডিয়ামে প্রথমার্ধে তেমন উল্লেখযোগ্য ঘটনা না ঘটলেও বিরতির পর আক্রমণের গতি বাড়ায় নরওয়ে। ম্যাচের ৫৯ মিনিটে কর্নার থেকে আসা বল ওয়েলসের রক্ষণভাগ পুরোপুরি ক্লিয়ার করতে না পারলে বক্সের বাইরে থেকে হাফ-ভলিতে গোল করেন আন্তোনিও নুসা।

বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রেয়াস শেলদেরুপ। বাঁ দিক দিয়ে দ্রুত এগিয়ে বল নিয়ে বক্সে ঢুকে হালান্ডের উদ্দেশে পাস বাড়ান নুসা। হালান্ড বলটি বাড়িয়ে দিলে দূরের পোস্টে ফাঁকা জালে বল ঠেলে দেন শেলদেরুপ।

৭৯ মিনিটে ডেভিড ব্রুকসের গোলে ব্যবধান কমায় ওয়েলস। সতীর্থের থ্রু পাস ধরে দ্রুত এগিয়ে গিয়ে সামনে থাকা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি।

তবে শেষ পর্যন্ত ম্যাচে ফেরার সুযোগ পায়নি ওয়েলস। ৮৫ মিনিটে বক্সের ভেতর শেলদেরুপকে ফাউল করেন কনর রবার্টস। পেনাল্টি থেকে ৮৮ মিনিটে গোল করে নরওয়ের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন হালান্ড।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram