

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৫ জনে। এর মধ্যে শুধু নেপালেই নিহত হয়েছেন ১ হাজার ৩৪৪ জন।
শনিবার (৫ সেপ্টেম্বর) নেপাল পুলিশ জানিয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮০০ জনের বেশি মানুষ। দুর্যোগের দশম দিনেও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৯ শতাধিক শ্রমিকের সন্ধান চলছে।
শুক্রবার একটি ভূগর্ভস্থ টানেল থেকে দুইজনকে জীবিত উদ্ধারের পাশাপাশি একজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও ওই টানেলে অন্তত ৪৬ জন জীবিত অবস্থায় আটকা পড়ে থাকতে পারেন বলে আশা করছেন উদ্ধারকর্মীরা।
নিখোঁজদের উদ্ধারে মাঠে কাজ করছেন নেপালের সেনাবাহিনী ও পুলিশের ২১ হাজারের বেশি সদস্য। তাদের সঙ্গে যোগ দিয়েছেন চীন, ভারতসহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরাও।
এদিকে, তিব্বতেও দুর্যোগে প্রাণহানি হয়েছে ২১ জনের। সেখানে এখনও নিখোঁজ রয়েছেন ৫৫০ জনের বেশি মানুষ।

