

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের লক্ষীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বৃদ্ধ বাচ্চু খান (৭০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় বাস ও চালক নূর ইসলামকে (৬০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন বাচ্চু খান। এ সময় নড়াইল থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী বাস বাচ্চুকে ধাক্কা দেয়। সড়কের পাশে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার এসআই অজিত কুমার রায় জানান, বাসের ধাক্কায় বাচ্চু খান নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

