

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে পৃথক দুটি অভিযান চালিয়ে দুই মাদক কারবারিসহ নিষিদ্ধ সংগঠন দিনাজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি মিনহাজ হাসানকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
আজ সোমবার ভোর রাতে হিলির সাতকুড়ি রেলগেট ও খট্টামাধবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মিনহাজ হাসান হিলির লোহাচড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। সে খট্টামাধবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল।
অন্যদিকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মমিন হোসেন ও আরিফ হোসেন নামের দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত মোমিন হোসেন উপজেলা সাতকুড়ি গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে এবং ঘাসুরিয়া গ্রামের মৃত আনিছ মিয়ার ছেলে আরিফ হোসেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যারা সংগঠিত হওয়ার চেষ্টা করতেছে বা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করতেছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। সেই ধারাবাহিকতায় গতকাল রাতে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি মিনহাজ হাসানকে আটক করা হয়েছে। এছাড়াও মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে আরো দুজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

