

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।
রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীন ঘুমধুম বিওপির একটি স্পেশাল টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অধিনায়ক, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দিকনির্দেশনায় ঘুমধুম বিওপির স্পেশাল টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ২ লাখ বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় ইয়াবার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার ও সেক্টর সদর দপ্তর, রামুর দিকনির্দেশনায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

