

প্রতি বছর বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট বা ইআইইউ। লাইভেবিলিটি ইনডেক্সে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে গতবারের মতো এবারও প্রকাশ করা হয়েছে ১৭৩ শহরের তালিকা।
ইআইইউ'র প্রকাশিত বার্ষিক প্রতিবেদন মতে, ২০২৬ সালের সবচেয়ে বসবাসযোগ্য শহর ডেনমার্কের কোপেনহেগেন। টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে অবস্থান করছে শহরটি। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর মতো সূচকের আলোকে পয়েন্টের ভিত্তিতে করা হয় এই র্যাংকিং। একশ'র মধ্যে কোপেনহেগেনের গড় পয়েন্ট ৯৮। তালিকার দুই নম্বরে থাকা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পয়েন্ট ৯৭।
শীর্ষ দশে সবচেয়ে বেশি শহর অস্ট্রেলিয়ার। তালিকার তিন নম্বরে মেলবোর্ন ও চারে অবস্থান সিডনির। আর আটে অ্যাডিলেড। এশিয়ার একমাত্র দেশ হিসেবে জাপানের ওসাকা ও টোকিও দু'টি শহর রয়েছে শীর্ষ দশে। এছাড়াও রয়েছে সুইজারল্যান্ডের দু'টি ও কানাডার একটি শহর।
১৭৩ দেশের এই তালিকায় ঢাকা ১৭১ তম। অর্থাৎ সবচেয়ে কম বসবাসযোগ্য হিসেবে করলে ঢাকার অবস্থান তিন নম্বরে। একশ'র মধ্যে ঢাকার গড় পয়েন্ট মাত্র ৪২। এরমধ্যে অবকাঠামোর সূচকে সবচেয়ে কম ২৭ পয়েন্ট আর শিক্ষায় সর্বোচ্চ ৬৭। গতবার একই অবস্থানে ছিল ঢাকা। তালিকার সবচেয়ে তলানিতে অবস্থান সিরিয়ার দামেস্কের। ঢাকার নিচে রয়েছে আর কেবল লিবিয়ার ত্রিপোলি।
কম বসবাসযোগ্য ১০ শহরের মধ্যে পাকিস্তানের করাচি, ইউক্রেনের কিয়েভ, জিম্বাবুয়ের হারারে ও ইরানের তেহরানের মতো শহরও রয়েছে।
যুদ্ধের কারণে, এবার অবস্থানের অবনতি হয়েছে তেহরানের। আর তাই, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসকে হটিয়ে ১০টি কম বসবাসযোগ্য শহরের তালিকার এসেছে শহরটির নাম।

