

বিশ্বকাপে মাঠে নামার আগে ঘরের মাঠে দারুণ এক জয় পেয়েছে জার্মানি। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে প্রীতি ম্যাচে ফিনল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
রোববার (৩১ মে) মেওয়া অ্যারিনায় ফিনল্যান্ডকে আতিথ্য দেয় ডিম্যানশিফটরা।
এদিন ম্যাচের শুরু থেকেই ফিনল্যান্ডকে চেপে ধরে স্বাগতিকরা। ৩৪তম মিনিটে জোশুয়া কিমিখের কর্নার থেকে হেডে জার্মানিকে এগিয়ে নেন ডেনিস উনডাফ। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় জার্মানি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় স্বাগতিকরা। ৪৮তম মিনিটে উনডাফের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোহিয়ান ভিয়েৎস।
৫৭ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি পান উনডাফ। আর এর মিনিট ছয়েক পরেই বায়ার্ন তারকা জামাল মুসিয়ালা ফিনল্যান্ডের জালে শেষ পেরেকটি পুঁতলে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয় জার্মানির।
এক পর্যায়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ফিনল্যান্ড। তবে স্বাগতিকদের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তাদের ফরোয়ার্ড বাহিনী।
আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে, শনিবার রাতে বিশ্বকাপ প্রস্তুতির শেষ ম্যাচ হিসেবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মোকাবিলা করবে জার্মানি।

