

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত মিত্র হিসেবে উল্লেখ করে দেশটির প্রতি উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের।
নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যুক্তরাষ্ট্রের একটি দুর্দান্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।
ট্রাম্প আরও লেখেন, তারা সাহসী, দৃঢ়, বিশ্বস্ত এবং বুদ্ধিমান। ইসরায়েল অন্যদের মতো নয়, যারা সংকটের সময় নিজেদের আসল চেহারা দেখিয়েছে। তারা কঠোরভাবে লড়ে এবং কীভাবে জিততে হয় তা জানে।
তবে ট্রাম্পের এই মন্তব্যের পেছনে নির্দিষ্ট কোনো কারণ স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গেই এটি সম্পর্কিত হতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেন যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে দিচ্ছেন।

