

কুড়িগ্রাম প্রতিনিধি: বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় প্রধান আসামি প্রেমিক জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায় সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
কচাকাটা থানার পুলিশ জানায়, ধর্ষণের শিকার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের ২২ বছরের ওই নারীর সাথে পার্শবর্তী বল্লভের খাষ ইউনিয়নের ধারিয়ার পাড় গ্রামের জাহিদ হাসানের সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন সন্ধ্যায় ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়ে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হয় জাহিদ। পথিমধ্যে আয়নালের ঘাট এলাকায় দুধকুমার নদীর তীরে একটি ভূট্টা খেতে নিয়ে গিয়ে জাহিদ তার বন্ধু বাবু ও অজ্ঞাত আরেক বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গভীর রাতে ওই নারী ওই এলাকার একটি বাড়িতে আশ্রয় নেয়।
পরদিন মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ভুক্তভোগী নারীর বাবা কচাকাটা থানায় অভিযোগ দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামি প্রেমিক জাহিদকে গ্রেফতার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন বলেন, বিষয়টি জেলা পুলিশ গুরুত্বসহকারে দেখছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

