

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন হাবিবুল বাশার সুমন। সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
৫৩ বছর বয়সী হাবিবুল বাশার সুমনের নির্বাচক হিসেবে আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দল ও নারী দলের নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করেছেন তিনি।
নতুন প্যানেলে হাবিবুল বাশার সুমনের সঙ্গে আগে আছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন আগের প্যানেলেও ছিলেন তিনি।
এছাড়া, এই প্যানেলে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। নতুন এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওই আসরের জন্য দল গঠনের দায়িত্ব তাদের ওপরই থাকবে।

