

ইতালিয়ান শীর্ষ লিগ সিরি আ'তে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান। দলের হয়ে একমাত্র গোলটি করেন পারভিস এস্তুপিনান।
রোববার (৮ মার্চ) সান সিরোতে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের ৩৫তম মিনিটে আসে ম্যাচে ব্যবধান গড়ে দেয়া একমাত্র গোলটি। ফোফানার পাস থেকে দারুণ এক গোল করেন মিলানের ডিফেন্ডার পারভিস এস্তুপিনান। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে একটি সুযোগ পেয়েছিল সফরকারীরা, তবে তা কাজে লাগাতে পারেনি।
বিরতির পর আক্রমণের পসরা সাজিয়ে বসে ইন্টার। তবে গোলরক্ষক ও বাজে ফিনিশিংয়ের কারণে গোল করতে ব্যর্থ হয় তারা। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের শেষ মিনিটে গোলের খুব কাছে গিয়েও তার দেখা পায়নি ইন্টার। ডিফেন্ডার আকাঞ্জির হেড পোস্টের কিছুটা উপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত ঘরের মাঠে জয় নিয়ে মাঠ ছাড়ে মাসিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা।
উল্লেখ্য, ২৮ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রয়েছে ইন্টার। তবে ৬০ পয়েন্ট নিয়ে ব্যবধান কমিয়ে এনে দুইয়ে অবস্থান রয়েছে এসি মিলান।

