

বেনফিকার মাঠে সবশেষ দেখায় হারের দুঃসহ স্মৃতি যেন তাড়া করছিলো গ্যালাক্টিকোদের। তবে সেই ক্ষতটা এবার জয় দিয়েই আড়াল করলো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলের জয় তুলে নেয় লস ব্লাঙ্কোসরা।
লিসবনের দ্য লুজ স্টেডিয়ামে, দীর্ঘসময় গোলশূন্য থাকার পর ম্যাচের ৫০ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে পথ দেখান ভিনিসিউস জুনিয়র। গোল উদযাপনের সময় বর্ণবাদের কারণে বেনফিকার তরুণ ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেসতিয়ান্নির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান ভিনিসিউস।
রিয়ালের খেলোয়াড়েরা সাময়িকভাবে মাঠ ছেড়ে যাওয়ার হুমকি দিলে প্রায় ১১ মিনিট বন্ধ থাকে খেলা। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
উল্লেখ্য, গত মাসে, লিগ পর্বের শেষ ম্যাচে এ মাঠেই রিয়াল হেরেছিল ৪-২ গোলে, যা স্প্যানিশ ক্লাবটিকে ঠেলে দেয় প্লে-অফে।

