

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্টভাবে ভোট কারচুপি হয়েছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক শেষে তিনি এমন অভিযোগ করেন।
নাহিদ বলেন, নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। অনেক আসনকে টার্গেট করে জোর করে, প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করে দেয়া হয়েছে। শেষ মুহূর্তে ১০ শতাংশ ভোটে কারচুপি হয়েছে।
ভোটে জেতা দলের প্রতি তিনি অভিযোগ করেন, আমরা যে প্ল্যানের কথা শুনেছি, সেটি বাস্তবায়ন করা হচ্ছে। যেভাবে হামলা এসেছে, এই দলের কাছে কীভাবে মানুষ নিরাপদ থাকবে তা প্রশ্ন উঠেছে।
নাহিদ বলেন, নির্বাচনে দুটি পক্ষ ছিল। সংস্কারের পক্ষে একটি, আরেকটি যারা পুরোনো বন্দোবস্ত ফিরিয়ে আনতে চায়।
খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, নির্বাচনকে আমরা স্বাগত জানিয়েছিলাম। বাংলাদেশ স্থিতিশীল হবে সে প্রত্যাশা ছিল। কিন্তু তারা অস্থিতিশীলতার দিকে ঠেলে দিলে তা হবে দুর্ভাগ্যজনক হবে। কারণ একটা সময় পর্যন্ত ভোট ভালো দেখানো হয়েছে। তবে ভোট গণনা উল্টোভাবে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

