

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ডিবি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাকে আটকের কথা নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ডিবি।
এর আগে, ৩১ জানুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি করা হয়। রাতে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে আসা একটি মেইলের মাধ্যমে ম্যালওয়্যার ঢুকিয়ে এই হ্যাকিং করা হয়।
দলটি বলছে, ম্যালওয়্যারটির উৎস ভারত। অভিযোগ, নারীদের বিষয়ে অপপ্রচার চালিয়ে নির্বাচনের আগে জনমনে বিভ্রান্তি তৈরিই এই সাইবার হামলার লক্ষ্য। এদিকে, গতকাল জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টও হ্যাকের দাবি করা হয়।

