ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪৪
প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৫

রংপুরে সাংবাদিক হেনস্থা: গ্রেফতার ২, তিন কর্মকর্তা বদলি

সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি করপোরেশনে মারধর ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা এবং মব তৈরি করে সাংবাদিকদের মারধর ও হেনস্থার মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে ‍ পুলিশ। তার নাম রকিবুল ইসলাম সাগর। এনিয়ে এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হল। অন্যদিকে, এ ঘটনায় সিটি করপোরেশনের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশের কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টায় রংপুর মহানগরী থেকে তাকে গ্রেফতার করা হয়। সাগর নগরীর শালবন মিস্ত্রিপাড়ার মহসিন মিয়ার পুত্র এবং মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। এর আগে, সোমবার রাতে গ্রেফতার করা হয় ৫ নং এজাহারভুক্ত রতন মিয়াকে। তিনি রংপুর অতিরিক্ত মেট্রোপলিটন আমলি আদালতের বিচারক রাশেদ হোসাইনের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে এ ঘটনার সাথে নিজের এবং জড়িতদের বিষয়ে জানিয়েছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সুদীপ্ত শাহীন ১৬৪ ধারায় জবানবন্দির আবেদন করেন।

অপরদিকে, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনার জেরে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, প্রধান প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর কবির শান্ত এবং সহকারী রাজস্ব কর্মকর্তা তম্ময়কে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এবং রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদলকে কাচারী বাজার থেকে জুলাই যোদ্ধা পরিচয়ে রকি নামের এক যুবকের নেতৃত্বে অপহরণ করে নিয়ে সিটি করপোরেশনে এনে মারধর করা হয়। পরে নতুন ভবনের দোতলায় প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নিউজের জন্য ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করা হয়। পরে আবার সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান ফটক আটকে দিয়ে মব তৈরি করে উদ্ধার করতে যাওয়া সাংবাদিকদের মারধর ও হেনস্থা করেন।

পরে সাংবাদিক বাদল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজসহ ১৪ জনের নামে মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে বিভাগ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram