

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা মন্ত্রণালয়ের কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতা তহবিল থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এর ফলে, ২০২২ সালের পর অবসরপ্রাপ্ত বহু শিক্ষক তাদের প্রাপ্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা বিশিষ্ট বিশ্বেশ্বর পোদ্দার ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে প্রায় ৬৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক তাদের প্রাপ্য সুবিধা পাননি। বঞ্চিত শিক্ষকদের চলতি বছরের জুলাই মাসের শেষ দিক থেকে ন্যূনতম ১ লাখ টাকা করে প্রদান শুরু হবে এবং পর্যায়ক্রমে সব বকেয়া পরিশোধ করা হবে।
শিক্ষাখাতে সরকারের অগ্রাধিকার তুলে ধরে তিনি বলেন, সরকার এবারের বাজেটে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও শিক্ষাকে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে শিক্ষাখাতে বরাদ্দ দেশের জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্তমানে শিক্ষকদের জন্য ৫০ শতাংশ হারে প্রদত্ত উৎসব ভাতা ধাপে ধাপে ১০০%-এ উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সিআইপি অমল পোদ্দার।

