ঢাকা
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৮
প্রকাশিত : আগস্ট ১৪, ২০২৫
আপডেট: আগস্ট ১৪, ২০২৫
প্রকাশিত : আগস্ট ১৪, ২০২৫

রংপুরে গণপিটুনিতে দু’জন নিহতের ঘটনায় সাময়িক বরখাস্ত ৮ পুলিশ

রংপুরে চোর সন্দেহে গণপিটুনিতে দলিত সম্প্রদায়ের ২ জন নিহত হওয়ার ঘটনায় ২ এসআইসহ ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও ক্লোজ করা হয়েছে। সেইসাথে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।

বুধবার (১৩ আগস্ট) রাত ৯ টায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় জেলা পুলিশ। তাদের মধ্যে রয়েছেন, তারাগঞ্জ থানার এসআই আবু জোবায়ের, পুলিশ লাইন্সের এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল আরিকুদ আখতার জামান, বিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়।

এ বিষয়ে রংপুর পুলিশ সুপার আবু সাইম জানান, ঘটনার সময় তারাগঞ্জ থানা এবং ‍পুলিশ লাইন্সের দুটি টিম সেখানে প্রথমে যায়। কিন্তু উত্তেজিত জনতা অধিক পরিমাণ হওয়ায় তারা সেখানে পরিস্থিতি সামাল দিতে পারে নি। এ বিষয়ে তাদের দায়িত্বে কোন অবহেলা ছিল কিনা সেটি খতিয়ে দেখতে ২ জন এসআই ও ৬ জন কনেস্টেবলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে সি সার্কেল সহকারী পুলিশ সুপার আসিফা আফরোজ আদুরীকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। তাদের তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার ( ৯ আগস্ট) রাতে অজ্ঞানপার্টি সন্দেহে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলী এলাকায় ভ্যানসহ দু’জনকে আটকের পরে তাদের কাছ থেকে পাওয়া চোলাই মদ ও বিভিন্ন ওষুধ পান স্থানীয়রা। পরে চোলাই মদের ক্যান খুললে গন্ধে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শতশত মানুষ সেখানে উপস্থিত হন। গণপিটুনিতে গুরুতর আহত হন তারা। পুলিশ এসে তাদের উদ্ধার করে তারাগঞ্জ হাসপাতালে নেয়। সেখানে আহত কাকা শ্বশুর রুপলাল রবিদাসকে (৪০) মৃত ঘোষণা করেন চিকিৎসক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন রোববার (১০ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভাতিজি জামাই প্রদীপ লাল (৪৫)।

এর প্রতিবাদে রোববার সন্ধায় রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এ সময় তারা জড়িতদের গ্রেফতার ও যথাযথ শাস্তি দাবি করেন।

এ ঘটনায় রুপলালের স্ত্রী মালতি রানী ওরফে ভারতী রানী অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আতঙ্কে ঘটনাস্থলের আশপাশের কয়েক গ্রামেরর বাড়িগুলো থেকে অনেকেই গা ঢাকা দিয়েছেন।

উল্লেখ্য, রুপলাল দাস তারাগঞ্জ বাজারে ও প্রদীপ কুমার মিঠাপুকুরের গোপালপুর বাজারে জুতা সেলাইয়ের কাজ করতেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram