ঢাকা
প্রকাশিত : November 22, 2026
আপডেট: November 22, 2026
প্রকাশিত : November 22, 2026

এমএলএস প্লে-অফের প্রথম ম্যাচেই মেসির ইন্টার মায়ামিকে ৩-০ তে উড়িয়ে দিলো কলম্বাস

মেজর লিগ সকার (এমএলএস) কাপের শিরোপা ধরে রাখার অভিযানে শুরুতেই বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। নিজেদের মাঠে প্লে-অফের প্রথম রাউন্ডের সিরিজের উদ্বোধনী ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়া মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বাস ক্রু। দুই অর্ধে দুই গোল করে মায়ামির জয়ের আশা কার্যত শেষ করে দেন চিলির আন্তর্জাতিক ফুটবলার গঞ্জালো তাপিয়া। অন্য গোলটি করেন তাহা হারব্রুন।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টায় মায়ামির নু স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। যেখানে মাচের শুরু থেকেই দাপট দেখায় ২০২৩ সালের চ্যাম্পিয়ন কলম্বাস। এই জয় দলটিকে সিরিজের পরবর্তী লড়াইয়ে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচের ফলের ভিত্তিতে পরবর্তী রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে দুই দলের। আগামী শুক্রবার ওহাইওতে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতলেই মেসি ও মায়ামিকে প্লে-অফ থেকে বিদায় করে দিতে পারবে সপ্তম বাছাই কলম্বাস।

ম্যাচের শুরুতেই মায়ামির জন্য বিপদ তৈরি করেন ২৪ বছর বয়সী তাপিয়া। তাকে ফাউল করে ফেলে দেন মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। পেনাল্টি পেয়ে যায় কলম্বাস। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন তাপিয়া।

এরপর ৩৬ মিনিটে আরও বড় ধাক্কা খায় স্বাগতিকরা। কলম্বাসের স্টিফেন মোরেইরাকে বিপজ্জনকভাবে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গনসালো লুহানকে। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় মায়ামিকে।

তবে সংখ্যায় এগিয়ে থাকার পাশাপাশি গোলরক্ষক প্যাট্রিক শুল্টের দৃঢ়তায়ও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে কলম্বাস। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের এই গোলরক্ষক মায়ামির একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন। মেসির ফ্রি-কিক থেকেও গোল হতে দেননি তিনি। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে মেসির পরিচিত বাঁকানো শটটি দুর্দান্তভাবে ফিরিয়ে দেন শুল্টে।

প্রথমার্ধের শেষ দিকে উত্তেজনা আরও বাড়ে। বিরতির ঠিক আগে তাপিয়ার মুখের খুব কাছ থেকে থ্রো-ইন করার অভিযোগ ওঠে মেসির বিরুদ্ধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও লাল কার্ড দেখা থেকে রক্ষা পান আর্জেন্টাইন মহাতারকা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় কলম্বাস। মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে মায়ামির ফেরার পথ বন্ধ করে দেয় তারা।

৫২ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোল করেন হারব্রুন। সতীর্থদের সঙ্গে চমৎকার বোঝাপড়ার পর বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন তিনি। এরপর ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তাপিয়া। মায়ামির ইয়ানিক ব্রাইটের ঢিলেঢালা মার্কিংয়ের সুযোগ নিয়ে বল পেয়ে একেবারে ফাঁকা জায়গায় চলে যান তিনি। এরপর গোলরক্ষক সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সুবিধাজনক অবস্থানে থাকল কলম্বাস। অন্যদিকে, শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আগামী শুক্রবারের ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে মেসির ইন্টার মায়ামিকে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram