

ফিফা বিশ্বকাপের মাঠে নামার প্রস্তুতি যখন শেষ পর্যায়ে, ঠিক তখনই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা শিবির। দলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনার্দো বালের্দি অনুশীলনে গুরুতর চোট পেয়ে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এতে কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (৬ জুন) হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলনে ডান পায়ের পেশিতে আঘাত পান আর্জেন্টাইন ডিফেন্ডার বালের্দি। অনুশীলন শেষ করতে না পারায় পরে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। মেডিকেল পরীক্ষায় জানা যায়, তার পেশিতে গুরুতর টিয়ার (ছিঁড়ে যাওয়া) হয়েছে।
চিকিৎসকদের মতে, এই চোট সেরে উঠতে অন্তত কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তার পুরোপুরি ফিট হয়ে ওঠা সম্ভব নয়। এই অবস্থায় ঝুঁকি না নিয়ে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।
বালের্দির এই অনুপস্থিতি আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য বড় ক্ষতি। তিনি ফরাসি ক্লাব অলিম্পিক ডি মার্সেইের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে জাতীয় দলে জায়গা পাকা করেছিলেন। মূলত তিনি দলের প্রধান সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরোর বিকল্প হিসেবে পরিকল্পনায় ছিলেন।
কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যেই বিকল্প খেলোয়াড় বেছে নেওয়ার কাজ শুরু করেছেন। এখন ৫৫ জনের প্রাথমিক দল থেকে অন্য কোনো ডিফেন্ডারকে বেছে নিতে হবে স্কালোনিকে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মার্কোস সেন্সি।

