

ন্যাটো মিত্র জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ মে) এ তথ্য নিশ্চিত করেছে পেন্টাগন।
রয়টার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে শেষ হতে হবে প্রত্যাহার প্রক্রিয়া। পেন্টাগন মুখপাত্র সিন পারনেল জানিয়েছেন, বর্তমানে জার্মানিতে প্রায় ৩৬ হাজার ৪০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। সামরিক জোট ন্যাটোর সাথে যুক্তরাষ্ট্রের বেড়ে চলা বিবাদের প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত বলে বিবেচনা করা হচ্ছে।
সম্প্রতি ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানের সমালোচনা করেছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মারৎজ। তিনি বলেছিলেন, আলোচনায় যুক্তরাষ্ট্রকে বিব্রত করছে ইরান। এতেই চটে যান ট্রাম্প। তখন ইউরোপে সেনা কমানোর হুঁশিয়ারি দেন তিনি।

