

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক অধ্যাপক তানজিল ভূঁইয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে প্যারিস রোডে বিক্ষোভ মিছিল করে তারা। পরে বিভাগের অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাজমহাল আক্তার তিথি অভিযোগ করে বলেন, “উনি শিক্ষক হয়ে নারী শিক্ষার্থীদের শারীরিক গঠন নিয়ে অশোভন মন্তব্য করেন। বলেন, ‘তোমার মাজা চিকন, তুমি ভালো নাচতে পারবে।’ তার কুপ্রস্তাবে রাজি না হলে পরীক্ষার ফলাফলেও প্রভাব পড়ত। উনি নারী শিক্ষার্থীদের ‘রাতের রানী’ বা ‘রাতের গার্ড’ বলেও অবমাননা করেন।”
চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, “বিভাগের প্রায় সব ব্যাচের ছাত্রীই তার অশালীন আচরণের শিকার। তিনি ক্লাসে শরীর নিয়ে মন্তব্য করেন এবং শিক্ষার্থীদের হুমকি দেন। আমরা তার স্থায়ী বহিষ্কার ছাড়া ক্লাসে ফিরব না।”
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টার অভিযোগ ওঠে। তিনি বর্তমানে নিজের এক ছাত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন।

