

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চর বড়ফা গ্রামের মৃত শামসু খানের ছেলে এনায়েত খান (৪০) এবং তার ছেলে মেহেদী হাসান খা (১২)। মেহেদী স্থানীয় একটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুর দেড়টায় তার বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এনায়েত খান ধানের জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে উদ্ধার করতে গিয়ে তার ছেলে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। দুপুর ১টার দিকে তাদের হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. এ কে এম সিরাজুল ইসলাম পিতা-পুত্র দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

