ঢাকা
প্রকাশিত : July 26, 2026
আপডেট: July 26, 2026
প্রকাশিত : July 26, 2026

চট্টগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত, ঘাতক ছেলে আটক

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজ ঘর থেকে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন—ওই এলাকার মৃত রেবতি দাশ গুপ্তার ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। এ ঘটনায় আটক করা হয়েছে তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২)।

প্রত্যক্ষদর্শী ও নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ জানান, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এর আগে তাকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে রাখা হয়েছিল। শনিবার সকালে মা-বাবা ও ছেলে বাইরে যান। দুপুর পৌনে ১২টার দিকে তারা বাড়িতে ফেরার কিছুক্ষণ পর রিমন ছুরি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন।

এ সময় স্ত্রীকে বাঁচাতে স্বপন দাশ গুপ্ত এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করেন রিমন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে কল্পনা দাশকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তিনি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram