

এসআই মল্লিক, ঝিনাইদহ: ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জে প্রশান্ত কুমার দাস (৪৮) নামে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কালীগঞ্জ শহরের কলেজপাড়া এলাকার মৃত ননী গোপাল দাসের ছেলে।
স্থানীয়রা বলছেন, রোববার (২৮ জুন) বেলা ১২ টার দিকে শহরের কলেজ রোডে সুবোধ দেবনাথের তন্ময় স্টোর নামে একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি বসে চা পান ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় উপস্থিত একজন বলেন, ইসলাম শান্তির ধর্ম। সেখানে উপস্থিত প্রশান্ত কুমার দাস ইসলাম ধর্ম সম্পর্কে গালমন্দ করে আপত্তিকর মন্তব্য করেন। এতে সেখানে উপস্থিত কয়েকজন মুসলিম প্রতিবাদ জানালে তিনি দ্রুত স্থান ত্যাগ করে বাড়িতে চলে যায়। পরে বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী এরশাদ ও আরিফ হোসেন বলেন, তারা চায়ের দোকানে বসে চা পান ও গল্প করছিলেন। এ সময় প্রশান্ত কুমার দাস ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তারা এর প্রতিবাদ করলে তিনি দ্রুত সেখান থেকে চলে যান। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ পাওয়ার পর প্রশান্ত কুমার দাসকে থানায় আনা হয়েছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

