

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৪০ ঘন্টা পর সেজুঁতি (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা পরিষদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
সেজুঁতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে এবং আদর্শ শিশু কানন প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে সেজুঁতি বাসার পাশে উপজেলা পরিষদ মাঠে খেলতে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও সে আর বাসায় ফিরে আসেনি। পরে তার সন্ধ্যান চেয়ে পরিবারের পক্ষ থেকে মাইকিং এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন উপজেলা পরিষদ পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলশ গিয়ে সেজুঁতির লাশ উদ্ধার করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান নিহত সেজুঁতির পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

