

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরিমল ভক্ত (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আটক পরিমল ভক্ত উপজেলার ঝালাডাঙ্গা গ্রামের গিরীশ ভক্তের ছেলে। অন্যদিকে, ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, আসামির ছেলে ও ভুক্তভোগী শিশুটি একই সাথে প্রথম শ্রেণিতে পড়ে। গত ৭ জুন (রবিবার) দুপুরে শিশুটি পরিমল ভক্তের ছেলেকে ডাকতে তাদের বাড়ি যায়। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে পরিমল ভক্ত শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেন। এদিন দুপুরে পুলিশ পরিমল ভক্তকে আটক করে আদালতে পাঠায়।
তবে আসামির বড় ভাই দিলীপ ভক্ত দাবি করেছেন, তার ভাইকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে এবং মেডিকেল রিপোর্ট এলেই প্রকৃত সত্য ও তার ভাইয়ের নির্দোষ হওয়ার প্রমাণ মিলবে।
চিতলমারী থানার ওসি (তদন্ত) রোকেয়া খানম জানান, ধর্ষণের মামলা দায়েরের পর আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

