ঢাকা
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০০
প্রকাশিত : জুন ১, ২০২৬
আপডেট: জুন ১, ২০২৬
প্রকাশিত : জুন ১, ২০২৬

হাতিয়ায় এমপির জন্য দুই ঘন্টা ফেরি আটকে রাখার অভিযোগ, ক্ষোভ-সমালোচনা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার তাড়ায় পেশাজীবি মানুষ। এরই মধ্যে যাত্রীদের ভোগান্তিতে ফেলে নোয়াখালীর হাতিয়ায় স্থানীয় সংসদ সদস্যের জন্য নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই ঘণ্টা দেরিতে ফেরি ছাড়ার অভিযোগ উঠে। এ ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে সংসদ সদস্যের বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনাও ঘটে। বিষয়টি নিয়ে গতরাত থেকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

রোববার রাতে হাতিয়ার নলচিরা ঘাটে নোঙর করা ফেরি ‘মহানন্দা’-তে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফেরি ছাড়তে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বাকবিতণ্ডা হয়।

স্থানীয়রা জানায়, ফেরি মহানন্দা রোববার বিকেল সোয়া ৪টায় চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে এসে বিকেল ৫টা ৪৫ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছে। লোড-আনলোড ও যানবাহন ওঠানামা শেষে সন্ধ্যা ৭টার দিকে ফেরিটির পুনরায় চেয়ারম্যানঘাটের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে অভিযোগ রয়েছে, ফেরিটি রাত প্রায় ৯টার দিকে ছেড়ে যায়।

যাত্রীদের অভিযোগ, বিকেল থেকেই মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বুকিং নেওয়া হলেও ফেরি আনলোডের পর গাড়ি তুলতে দেওয়া হয়নি। ফলে কর্মস্থলগামী শত শত যাত্রী প্রচণ্ড গরমে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন।

তানভীরসহ একাধিক যাত্রী বলেন, “নির্ধারিত সময় পার হওয়ার পরও ফেরি না ছাড়ার কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, এমপি সাহেব আসবেন, এরপর ফেরি ছেড়ে যাবে। একজন জনপ্রতিনিধির জন্য যদি এত মানুষের দুর্ভোগ পোহাতে হয়, তাহলে তা দুঃখজনক। সময়মতো চেয়ারম্যানঘাট, সোনাপুর বা মাইজদীতে পৌঁছাতে না পারলে রাতের বাসও মিস হওয়ার আশঙ্কা ছিল।”

ফেরি মহানন্দার মাস্টার মোজাম্মেল হক বলেন, “ফেরিটি বিকেল ৫টা ৪০ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছায়। লোড-আনলোডে সাধারণত ৪০ মিনিটের মতো সময় লাগে। পরে কর্তৃপক্ষ থেকে জানানো হয়, এমপি সাহেব আসবেন, তাই ফেরি ছাড়তে কিছুটা দেরি হবে। এ কারণে প্রথমে গাড়ি ওঠাতে দেওয়া হয়নি। এতে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন। তবে স্বাভাবিক সময়ের তুলনায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টার মতো বিলম্ব হয়েছে।”

এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। রাফসান চৌধুরী নামে এক প্রত্যক্ষদর্শী তার ফেসবুক পোস্টে লিখেছেন, “আপনার জন্য ফেরি অপেক্ষা করতে পারে, কিন্তু তিন ঘণ্টা অপেক্ষা করতে পারে না। হাতিয়ার যেকোনো প্রান্ত থেকে ফেরিঘাটে আসতে বড়জোর এক ঘণ্টা লাগে। মানুষের লেভেলে থাকুন, মানুষের ভাষায় কথা বলুন।”

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল ও সিন্ডিকেট পরিকল্পিতভাবে কৃত্রিম জ্যাম সৃষ্টি করে এ পরিস্থিতির জন্ম দিয়েছে। তিনি ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যাত্রীদের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখাসহ সামনের দিকে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না ঘটে সংশ্লিষ্টদের প্রতি সেই দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram