

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর ব্যবসায়ী মুহাম্মদ শাহাদাত (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদের পাশে একটি ফলের আড়তের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারী দুর্বৃত্তরা অতর্কিতভাবে শাহাদাতের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
নিহত শাহাদাত উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার মৃত শফির ছেলে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শাহাদাতের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
হামলার কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

