

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় আলোচিত ব্যবসায়ী মিজানুর রহমান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-৭।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামির নাম গিয়াস উদ্দিন (৩৫)। তিনি সোনাকানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গারাংগিয়া গ্রামের মৃত সাহেব মিয়ার ছেলে এবং বহুল আলোচিত ওই হত্যা মামলার ১ নম্বর আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ঈদুল ফিতরের আগের দিন চাঁদরাতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমানকে গাড়ি থেকে তুলে নিয়ে মারধর ও নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই গিয়াস উদ্দিন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
র্যাব-৭ এর দায়িত্বরত এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, র্যাব-৭ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।

