

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহাগ শেখ (৪০) নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোল্লাহাট পান বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ মোল্লাহাট সদরের উদয়পুর গ্রামের দাউদ আলী শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারের একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সোহাগ শেখ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মোল্লাহাট পান বাজারের কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, কয়েকদিন আগে সোহাগ শেখের দোকানের এক কর্মচারীকে গুলি করা হয়েছিল। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। কর্মচারীকে হত্যা চেষ্টা এবং আজ মালিককে হত্যাকাণ্ডের সঙ্গে ব্যবসা সংক্রান্ত কোনো বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

