

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় গ্রুপের ২০ জন গুরুতর আহত হয়েছে। এছাড়াও ৮/১০ টি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জালিয়াপাড়া গ্রামের মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় গ্রুপের লোকজন ঢাল, সড়কি, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ উভয় গ্রুপের ২০ জন গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় কবির নামের এক ব্যক্তি জানান, মসজিদের কমিটি নিয়ে গ্রামটিতে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলে আসছিল। তার জের ধরে আজ বৃহস্পতিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, জালিয়াপাড়া গ্রামে মারামারির সংবাদ শুনে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

