

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় সন্ত্রাসীদের হামলায় পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন নিহত হয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের কুঠিপাড়া মোড়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন। এরপরে সেখান থেকে ঢাকায় নেয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।
নিহত শাহিনুর রহমান শাহিন চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চৌগাছা পৌর এলাকার কুঠিপাড়া গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিকনেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনার জানিয়েছে। একই সাথে তারা এ ঘটনার সাথে জড়িতদের তদন্তপূর্বক আটক ও শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

