

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের বাজারে খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রির অপরাধে কার্তিক চন্দ্র নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুরে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
এসময় কার্তিক চন্দ্রের দোকানে খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে শাক-সবজি, তরিতরকারিসহ মাছ-মাংসের দোকানেও তদারকি করা হয়।
মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, রোজায় নিত্যপণ্যসহ ফলমুল, তরিতরকারি, মাছ-মাংসের বাজারে দাম স্থিতিশীল রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে।

