ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৭
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৬
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৬

শনিবার টাঙ্গাইল আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

টাঙ্গাইল প্রতিনিধি: দীর্ঘ ২১ বছর পর শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ ও বগুড়াসহ একাধিক জেলায় টানা তিন দিনের দলীয় কর্মসূচি শেষে সড়কপথে রাজধানী ঢাকায় ফেরার পথে তিনি টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন। এদিন বিকাল ৪টায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। টাঙ্গাইল জেলায় তারেক রহমানের এটি প্রথম রাজনৈতিক জনসভা।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু জনসভার সার্বিক তদারকি করছেন। ইতোমধ্যে তিনি স্থান নির্ধারণ, একাধিকবার সমাবেশস্থল পরিদর্শন ও নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। জনসভায় শতাধিক মাইক স্থাপন, সুবিশাল মঞ্চসহ আয়োজনের কোনো ঘাটতি রাখা হচ্ছে না। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভা করা হয়েছে- এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়েছেন।

এর আগে গত ১১ জানুয়ারি তারেক রহমানের টাঙ্গাইল সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা বাতিল করা হয়। দীর্ঘ প্রায় দেড়যুগ লন্ডনে নির্বাসন শেষে দেশে ফেরার পর এটিই টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম সফর। ২০০৪ সালে তিনি সর্বশেষ টাঙ্গাইলের দেলদুয়ার এলেও সে সময় কোনো জনসভায় বক্তব্য রাখেননি। সে হিসেবে এবারই টাঙ্গাইলের মাটিতে তার প্রথম জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে পুরো জেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। টাঙ্গাইল শহরে ইতোমধ্যে একাধিকবার আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, এই নির্বাচনি জনসভার মঞ্চ থেকে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু জানান, টাঙ্গাইলের রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশনায়ক তারেক রহমানের আগমন ঘিরে পুরো জেলা উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে।

তিনি জানান, এই জনসভা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিএনপি চেয়ারম্যান দলের নির্বাচনি অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন। তার এই সফর নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram