

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ডের আদেশ দেন জেলা ও দায়রাজজ আদালত। পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে মো: সোহাগ হাওলাদার, বড় শৌলা গ্রামের মো: মনির মৃধার ছেলে মো: সোহাগ মৃধা ও ছোট শৌলা গ্রামের মো: আজিজ মল্লিকের ছেলে মো: শাহীন মল্লিক। রায় ঘোষণার সময় সোহাগ ও শাহীন পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামের মো: আনোয়ার মিস্ত্রীর ছেলে আরিফুল ইসলাম (১৮) ২০১৮ সালের ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ১৭ এপ্রিল মঠবাড়িয়া থানায় ৮১১ নম্বর সাধারণ ডায়েরী করে। ১৮ এপ্রিল সকালে স্থানীয়রা বড়শৌলা খালে আরিফুলের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিহতের পরিবারকে খবর দিলে তারা লাশ সনাক্ত করেন। লাশের মাথায়, বুকে, পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো। ওই দিন বিকেলে নিহত আরিফের মা মোসা: ফরিদা বাদী হয়ে অজ্ঞাত আসামী উল্লেখ করে মঠবাড়িয়া থানায় এজাহার দায়ের করেন। মামলার তদন্ত কারী কর্মকর্তা তদন্ত শেষে উক্ত সাজাপ্রাপ্ত ৩ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করে। পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত উপরোক্ত রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।

