

শহিদ জয়, যশোর: যশোর কেন্দ্রীয় কারাগারের সিভিল স্টাফ (ব্লাক স্মিথ) হিসেবে কর্মরত আব্দুস শুকুর (৩৬) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়েছে। আটক আব্দুস শুকুর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুনিরটক গ্রামের সহিমুদ্দিনের ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান, আজ সোমবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আব্দুস শুকুর কারাগারে প্রবেশের উদ্দেশ্যে ফটকে আসেন। এসময় নিয়ম অনুযায়ী দেহ তল্লাশি করেন সহকারী প্রধান কারারক্ষী মো. আবুল হাশেম। এসময় তার ডান বগল থেকে সাদা পলিথিনে মোড়ানো ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার পর কারা কর্তৃপক্ষ তাকে কোতয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, কারাগার অভ্যন্তরে গাঁজা নিয়ে যাওয়ার অভিযোগে সকালে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

