

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: জুলাই বিপ্লবে নিহত শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তির অভিযোগে পিরোজপুর আদালতে কর্মরত মাসুদ রেজা নামে এক পুলিশ সদস্যকে (ক্লোজড) প্রত্যাহার করা হয়েছে। তিনি কনস্টেবল পদে কর্মরত। তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা, সমাবেশ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে বুধবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে জেলা জজ আদালতের সামনে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পুলিশ কনস্টেবল মাসুদ রেজা। এ সময় স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে।
পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক বলেন, ‘শহীদ আবু সাঈদের পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য করায় এলাকাবাসী তাকে (মাসুদ রেজা) আটক করে। এ খবর পেয়ে আমরা কয়েকজন তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করি। এরপর বিষয়টি পুলিশ সুপারকে অবগত করি।’
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম গণমাধ্যমকে জানান, পুলিশ সুপার খান মুহাম্মাদ আবু নাসেরের নির্দেশে অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

