

অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কার্যক্রম থেকে বের হয়ে আসতে বিএনপিকে আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। সারাদেশে হামলা ও অগণতান্ত্রিক কার্যকলাপ চলতে থাকলে রাজনৈতিক কর্মসূচি নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
নির্বাচনে ৩০টি আসনে সুক্ষ্ম কারচুপির অভিযোগ এনে হামিদুর রহমান আযাদ বলেন, রাতের আধারে নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করে ফলাফল রিভিউ করার সুযোগ বন্ধ করেছে। তবে যেসব আসনে কারচুপি হয়েছে, সেসব আসনের বিষয়ে রিভিউ করতে উচ্চ আদালতের দারস্ত হবেন বলেও জানান দিনি।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে জনগণের আকাঙ্খা বাস্তবায়ন করতে হবে আমাদের। সংসদে গঠনমূলক ও শক্তিশালী ভূমিকা রাখবে জামায়াত।
নির্বাচনের পরেও ১১ দলীয় ঐক্যজোট সংসদ ও সংসদের বাহিরে এক হয়ে কাজ করবে বলে জানান জামায়াতের এ নেতা।
হামিদুর রহমান আযাদ তার বক্তব্যে গণভোটের প্রসঙ্গও টানেন। 'হ্যাঁ' ভোট জয়ী হওয়ায় রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্টের আর কোনো মূল্য নাই এবং ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ গঠন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

