

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামে বাসা ভাড়া নিয়ে ইয়াবা তৈরির মেশিন স্থাপন করে মাদক উৎপাদন ও বিক্রির অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ইয়াবা তৈরির মেশিন, দুই পিস ইয়াবা ও মাদক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।
গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তৌহিদুল আলম আকিবকে (১৯) গ্রেপ্তার করা হয়। তিনি পটিয়া উপজেলার কুলাগাঁও এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। বর্তমানে হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে ভাড়া বাসায় থাকতেন।
চান্দগাঁও থানা-পুলিশ জানায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আকিবকে তল্লাশি করে দুই পিস ইয়াবা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর কুয়াইশে তাঁর ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাসার চতুর্থ তলা থেকে একটি ইয়াবা তৈরির মেশিন ও ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আকিব দাবি করেছেন, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় তিনি ইয়াবা তৈরির কৌশল শেখেন। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলেও তিনি জানিয়েছেন।
উদ্ধার করা উপকরণের মধ্যে রয়েছে কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

