

ময়মনসিংহ প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য জনগণের ওপর প্রতিশোধ নেয়া ও দেশকে অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়ন করা। এজন্যই দেশে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা করা হচ্ছে।
তিনি শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ঘাসিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নব গঠিত স্বদেশী ইউনিয়ন কমিটির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল হাই। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন খান খোকন, শাকুয়াই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান, জুগলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুস সাত্তার, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল হাই প্রমুখ।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “জনগণ গণহত্যাকারীদের আর ক্ষমা করবে না। জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে এবং গণহত্যা চালিয়ে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়েছেন। অথচ ক্ষমতাচ্যুতির দুই বছর পেরিয়ে গেলেও তাঁর কিংবা তাঁর দলের নেতাকর্মীদের পক্ষ থেকে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, ন্যূনতম অনুশোচনাও দেখা যায়নি। তাহলে জনগণ তাঁদের কেন ক্ষমা করবে?”
তিনি বলেন, “শেখ হাসিনা দেশে ফিরে আসতে চান, ভালো কথা। কিন্তু দেশে ফেরার কথা বলে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কেন? তিনি যা বলেন তা করেন না, অতীত অভিজ্ঞতা তাই বলে। গণঅভ্যুত্থানের আগে বলেছিলেন পালাবেন না, অথচ পালিয়ে গেছেন। এখন বলছেন ফিরে আসবেন, আসলে তিনি ফিরবেন না। তাঁর উদ্দেশ্য দেশে ফেরা নয়; বরং জনগণের ওপর প্রতিশোধ নেওয়া এবং দেশকে অস্থিতিশীল করতে বিদেশি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র বাস্তবায়ন করা।”
তিনি নেতাকর্মীদের প্রতি নিজ নিজ এলাকায় ফ্যাসিস্ট দোসরদের দোসরদের নজর রাখার আহ্বান জানিয়ে বলেন, তাদের যে কোনো অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে।

