

একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলায় নিজ দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন তাদের বাবা কামরুল ইসলাম। উপজেলার পেরুয়া (মধুপুর) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন কামরুল। পরদিন তিনি একা বাড়িতে ফিরে এলেও শিশু দুটিকে পাওয়া যায়নি।
এরপর গত মঙ্গলবার (১১ আগস্ট) শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় এবং বুধবার (১২ আগস্ট) সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকার হাওরে পরপর দুই দিন অজ্ঞাতপরিচয় দুটি শিশুর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করে, মরদেহ দুটি নিখোঁজ কামরুলের দুই সন্তানের।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার পুলিশ কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য দিরাই থানায় নিয়ে আসে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, কামরুল দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সুনামগঞ্জে পাঠানো হচ্ছে।

