

সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর থেকে তেলিবাজার অংশে দিন দিন বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। এদিকে, সিলেট জেলায় গত ৬ মাসে ১৮৫টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১১৭ জনের। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সময় পার করছেন যাত্রীরা। সিলেটের এই সড়কেই গতকাল শুক্রবার (৭ আগস্ট) দুই বাসের সংঘর্ষে নিমিষেই নিভে যায় নয়টি প্রাণ।
শুক্রবারের দুর্ঘটনায় নিহতদের সবাই ইউনিক বাসের যাত্রী ছিলেন। তাদের মধ্যে বন্ধুদের নিয়ে সিলেট ঘুরতে এসেছিলেন সাইফুল ইসলাম। তবে আর ফেরা হয়নি পরিবারের কাছে। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার ভাই।
ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর থেকে তেলিবাজার পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার দুর্ঘটনাপ্রবণ সড়ক। মাঝেমধ্যেই এখানে ঘটে দুর্ঘটনা। গত মে মাসেও ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক পিকআপে থাকা ৭ শ্রমিকের। চালকদের দাবি- সড়কের বেহাল দশা, মহাসড়কে অবৈধ যান চলাচল দুর্ঘটনার বড় কারণ।
এ বিষয়ে নিরাপদ সড়ক চাই সিলেট জেলা কমিটির আহ্বায়ক শফিকুল রহমান চৌধুরী বলেন, অদক্ষ চালক, বেপরোয়া গতিসহ একাধিক কারণে এসব দুর্ঘটনা ঘটছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দীর্ঘ যাত্রার কারণে এই অঞ্চলে এসে চালকদের মধ্যে ক্লান্তি আসে। এরফলেই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। মহাসড়কের ৬ লেনের কাজ সম্পন্ন হলে দুর্ঘটনা অনেকটাই কমবে।

