ঢাকা
প্রকাশিত : July 31, 2026
আপডেট: July 31, 2026
প্রকাশিত : July 31, 2026

রোহিঙ্গা ক্যাম্পে ট্রাম্পের বিশেষ দূত : প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের আকুতি

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর শুক্রবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছেন। যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি তিনি রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্ল্যাকার্ড হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান রোহিঙ্গারা। মার্কিন বিশেষ দূতের সামনে তাদের এই আকুতি সফরের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হয়ে ওঠে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসা ১১ সদস্যের উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সার্জিও গোর। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও রয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টা ৫৫ মিনিটে বিশেষ বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে প্রতিনিধি দলটি সরাসরি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে যান। সেখানে তারা ৪ নম্বর ক্যাম্প, সম্প্রসারিত ৮ ওয়েস্ট (৮ডব্লিউ) এলাকা এবং ৬ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য সহায়তা কার্যক্রম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত হাসপাতাল এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) পরিচালিত নিবন্ধন (রেজিস্ট্রেশন) কেন্দ্র ঘুরে দেখেন।

এ সময় সার্জিও গোর ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের চলমান মানবিক সহায়তা, ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরিদর্শনের একপর্যায়ে প্রতিনিধি দলটি রোহিঙ্গা কমিউনিটির কয়েকজন নেতার সঙ্গে মতবিনিময় করেন। তারা মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে অনিশ্চয়তা, ক্যাম্পে দীর্ঘদিনের মানবিক সংকট, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্র জানায়, বিকেলে প্রতিনিধি দলটি কক্সবাজারে আরআরআরসি কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

উল্লেখ্য, সার্জিও গোর বৃহস্পতিবার তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান। সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠক করছেন। এমন সময়ে তার এই সফর অনুষ্ঠিত হলো, যখন দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন প্রশ্নে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা নতুন করে গুরুত্ব পাচ্ছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram