

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় একটি চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ও একাধিক মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত মোহাম্মদ আলীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী হাজিগাঁও এলাকার মৃত জালাল আহমদের ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার উপজেলার খিলপাড়া এলাকার ‘মোহছেন আউলিয়া ট্রেডার্স’ নামের একটি স্ক্র্যাপের দোকান থেকে প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটে। ঘটনার পর দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে মোহাম্মদ আলীর সম্পৃক্ততার প্রমাণ পায় পুলিশ। পরে তাকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী এহছানুল করিম বলেন, দোকান থেকে প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি হওয়ার পর সিসিটিভি ফুটেজে মোহাম্মদ আলীকে শনাক্ত করা যায়। এরপর থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ডে এলাকার ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে ছিলেন।
আনোয়ারা থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলীর বিরুদ্ধে আনোয়ারাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ অন্তত ১১টি মামলা রয়েছে। এছাড়া তিনি আদালতের দেওয়া ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি। অভিযোগ রয়েছে, স্থানীয় দিয়াং পাহাড় এলাকায় তার একটি সক্রিয় সশস্ত্র ডাকাত দল এবং অস্ত্রভান্ডার ছিল। এর আগেও দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও রামদাসহ একাধিকবার তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে স্থানীয়দের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়েছিল।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “মোহাম্মদ আলী একজন চিহ্নিত দুর্ধর্ষ ডাকাত এবং আদালতের ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সাম্প্রতিক চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

