

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ছোট ভাইদের এবং তার সহযোগীদের হামলায় মাজহারুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ জুলাই) আনুমানিক রাত ৭:৩০ ঘটিকায় উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাজহারুল ইসলাম সুলতানসাদী এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুলতানসাদী এলাকার হযরত আলীর ছেলে পারভেজ (৩৫), বকুল (৪০) সোহেল (৩০), হানিফ (৩৩) ও নুরুল ইসলাম ভান্ডারী (৬০) চাচাতো ভাইদের সাথে নিহত মাজহারুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কিল-ঘুষি ও হাতাহাতির ঘটনা ঘটে।
নিহতের ছেলে তরিকুল জানান, হাতাহাতির একপর্যায়ে তার বাবা মাজহারুল ইসলামকে প্রতিপক্ষের লোকজন উপর্যুপরি কিল-ঘুষি মারেন এবং গলা চেপে ধরেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মাজহারুল ইসলামকে মৃত ঘোষণা করেন।সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরাদেহ থানায় নিয়ে আসেন।
তরিকুল আরো জানান, তার চাচা সোহেল মামলা না করার জন্য তার পরিবারের লোকজনদের হুমকি ধামকিসহ ভয়ভীতি দেখাচ্ছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সাহেরা বেগম ৯ জনকে নামীয় আসামি করে বুধবার রাতে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

