

মো. নজররুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের পুরান বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলো খলাপাড়া গ্রামের বাসিন্দা রুবেল মিয়ার চার বছর বয়সী ছেলে রিবান মিয়া ও তার দেড় বছর বয়সী মেয়ে সাফা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠোনে খেলার সময় ছোট বোন সাফা অসাবধানতাবশত বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। বোনকে পানিতে হাবুডুবু খেতে দেখে তাকে বাঁচাতে বড় ভাই রিবান সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত, সাঁতার না জানার কারণে দুজনেই পানির নিচে তলিয়ে যায়।
অনেকক্ষণ শিশুদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তাদের দেহ ভেসে থাকতে দেখেন স্বজনরা। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই সন্তানকে একসঙ্গে হারানোর এই মর্মান্তিক সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের স্বজনদের আর্তনাদে খলাপাড়া গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। একইসঙ্গে দুই সন্তানকে হারিয়ে বাবা রুবেল মিয়া ও তার মা শোকে পাগলপ্রায়। একই পরিবারের এ দুই শিশুর অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে।

