

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে ইরান আলোচনায় আন্তরিক নয় বলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর আল-জাজিরার।
বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
রুবিও বলেন, ওয়াশিংটন মতপার্থক্য কমাতে আলোচনা করতে এবং সমাধান খুঁজতে চায়। কিন্তু সমস্যা হলো, ইরান আলোচনায় আন্তরিক নয়।
তিনি বলেন, তারা যদি আন্তরিক হয়, আমরাও আন্তরিক। কিন্তু তারা যদি না হয়, তাহলে আমাদের এবং আমাদের মিত্রদের স্বার্থ রক্ষায় যা প্রয়োজন তাই করবো।
রুবিও আরও বলেন, এই সংঘাতের কারণে আন্তর্জাতিক জলপথে বাধা তৈরি হওয়া খুবই বিপজ্জনক। তার মতে, এমন ঘটনা বিশ্বের অন্য এলাকায়, এমনকি এশিয়াতেও ঘটতে পারে।
তিনি বলেন, এতে বৈশ্বিক অর্থনীতি হুমকির মুখে পড়েছে এবং এটি ঘটতে দেওয়া যায় না।

